প্রথম কর্মদিবসে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নানা প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক:
৭ দিনের মধ্যে একশ’ দিনের পরিকল্পনা দিতে চাই: পরিবেশমন্ত্রী
আগামী ৭ দিনের মধ্যে একশ’ দিনের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করবো। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে অবদান রাখার আহ্বান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখুন। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষ হাতে ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিনগুলো আরও উন্নত ও ভালো হবে। গতকাল বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

দেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি শক্তহাতে দমন করা হবে জানিয়ে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনা করতে চাই। বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। কেউ কোনো কারসাজি করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাই।

CSB Ad
Share This:
You might also like