ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতায় মামলা
Bangla Times News Desk:
‘আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’। বিজেপির ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তীর এরকম ডায়লগে তেতে উঠেছিল জনতা। সেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগ এনে মানিকতলা থানায় এফআইআর করল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয় মানিকতলা থানায়। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, মিঠুন চক্রবর্তী ব্রিগেডে বিজেপির সমাবেশে তাঁর একটি ছবির জনপ্রিয় ডায়লগ তুলে এনে বলেন, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। সেই মন্তব্যের জন্যই নাকি নির্বাচন পরবর্তি হিংসা বেড়েছে সারা রাজ্যজুড়ে। অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) বিরুদ্ধে জনসভা সহ একাধিক জায়গায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
উত্তর কলকাতা তৃণমূল যুব-র সম্পাদক মৃত্যুঞ্জয় পাল জানান, ভোটের ফল প্রকাশের পর থেকে বহু তৃণমূল কর্মীকে মারধর করা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেকের মৃত্যুও হয়েছে। পুরোটাই হয়েছে মিঠুন চক্রবর্তীর মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের মন্তব্যের কারণ। মিঠুনের মতো একজন ব্যক্তিত্ব যখন ওই ধরনের মন্তব্য করেন তখন অনেক বিজেপি কর্মী ওই মন্তব্যে অনুপ্রাণিত হয়েছেন এবং হিংসায় জড়িয়ে গিয়েছেন।
পুলিস সূত্রে খবর, ওই অভিযোগ গ্রহণ করেছে মানিকতলা থানা। তৃণমূল যুব-র আইনজীবী এনিয়ে বলেন, মিঠুন চক্রবর্তী যে ধরনের মন্তব্য করেছেন তা পাবলিক প্লাটফর্মে দাঁড়িয়ে করা যায় না। তাই এমন অভিযোগ আনা হয়েছে।




