ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু আসাদুজ্জামান খান কামালকে দিয়ে

বাংলা টাইমস ডেস্ক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে, জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব আশা প্রকাশ করেন যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে এবং তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা সম্ভব হবে।

শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। তবে এই প্রত্যর্পণ প্রক্রিয়ার শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। ভারত ইতোমধ্যেই জানিয়েছে, জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে।’

তিনি আরও উল্লেখ করেন, “আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল। তবুও আমি ক্রমেই বিশ্বাসী হচ্ছি, ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের ওপর আরো আলোকপাত হওয়ার সাথে সাথে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা সম্ভবত বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করবে।”

প্রেস সচিব জোর দিয়ে বলেন, কামাল বা আওয়ামী লীগের অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুন না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। তিনি মনে করেন, যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের এবং হাসিনার আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া যায়, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে।

তিনি পোস্টের উপসংহারে লেখেন, ‘এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

Share This:
You might also like