বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ: তারেক রহমান

বাংলা টাইমস ডেস্ক

রাজনীতির ময়দানে বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।

আজ রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

তারেক রহমান যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। তিনি সতর্ক করেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দেশের ক্ষতি হয়ে যাবে।

তারেক রহমান উল্লেখ করেন, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। তিনি বলেন, দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, সেই দলের দুজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন এবং তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক করে বলেন, সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে এবং দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।

Share This:
You might also like