বেতন কমিয়ে বার্সেলোনায় থাকছেন মেসি
কয়েক মাসের উৎকণ্ঠা শেষে অবশেষে লিওনেল মেসির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। অর্ধেক বেতন কমিয়ে নিজের আশৈশব ক্লাবটিতে থাকতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নতুন করে ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে ৫ বছরের চুক্তি করছে কাতালান ক্লাবটি। ততদিনে মেসির বয়স হবে ৩৯ বছর! তবে তাতেও রাজি বার্সেলোনা।
২০০৪ সালে বার্সার জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর নিজের পুরো পেশাদার ক্যারিয়ার এখানেই কাটিয়েছেন মেসি। চলতি মাসে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট হয়ে যান আর্জেন্টাইন তারকা। গেল মৌসুমে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকে এবারের মৌসুম শেষ হওয়ার পরও ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াননি ক্ষুদে জাদুকর। তবে অবশেষে জানা গেল, ক্লাবটিতেই থাকছেন তিনি।
এরমধ্যে বেশ কয়েকটি ক্লাব তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিলো পিএসজি-ইন্টার মিলান-ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। তবে কারো প্রস্তাবেই সাড়া দেননি বিশ্বসেরা ফুটবলার।



