টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ যদি নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে না চায় তাহলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্য একটি দল নেওয়া হতে পারে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় দিয়েছে আইসিসি। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।
এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে, যেখানে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে অন্য দল নেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সদস্য।
বাংলাদেশকে বাদ পড়ে গেলে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড ক্রিকেট দলের খেলার সম্ভাবনা বেশি বলেও ক্রিকইনফো জানিয়েছে।