বিজেপিকে কেন চ্যালেঞ্জ জানাল ‘ককরোচ জনতা পার্টি’

Bangla Times Desk:

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) যে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়েছে, তা এখন কেবল অনলাইন ট্রেন্ড নয়, বরং দক্ষিণ এশিয়ার তরুণ রাজনৈতিক অসন্তোষের নতুন ভাষা হিসেবে সামনে এসেছে। আদালতে দেওয়া তার ‘পরজীবী’ ও ‘তেলাপোকা’ সংক্রান্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ক্ষোভ দ্রুত সংগঠিত রূপ নেয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করেছে।.

বিশ্লেষণ বলছে, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সিজেপি মূলত কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সদ্য স্নাতক অভিজিৎ দীপকের একটি ব্যঙ্গাত্মক অনলাইন পোস্ট থেকেই এর সূচনা। কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি ভারতীয় রাজনৈতিক ভাষ্য ও তরুণ অসন্তোষের প্রতীকী প্ল্যাটফর্মে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার কারণে এই উদ্যোগ দ্রুত ভাইরাল হয়ে যায় এবং লাখ লাখ তরুণ এতে যুক্ত হতে শুরু করে।

ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষক অর্ক ভাদুড়ী বলেন, ‘তিনটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট : ১)  ভারতের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ। প্রবল ক্ষুব্ধ। এই ক্ষোভ কেবলমাত্র মোদি সরকারের বিরুদ্ধে নয়, গোটা ব্যবস্থার বিরুদ্ধে।  ২) নবারুণের সেই কথা, কোথায় কখন কীভাবে বিস্ফোরণ হবে, তা জানতে রাষ্ট্রের এখনও বাকি আছে৷ ৩) একুশ শতকের ভারতে বিদ্রোহের ভাষা অন্যরকম৷ রাজপথেই হোক বা ডিজিটাল পরিসরে- প্রতিবাদ হবে নতুন ভাষায়, নতুন আঙ্গিকে।’

Share This:
You might also like