বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে : ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে ‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী এরইমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই। এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।







