বাপ্পী লাহিড়ী কেন এত সোনার গহনা পরতেন?

অনলাইন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। না ফেরার দেশে চলে গেলেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই গানগুলি এখনও মানুষের মুখে মুখে ফেরে। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তার পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। তার গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেছে। তবে কেন গয়না পরতেন, সেটাও জানিয়েছেন তিনি। 

১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পী লাহিড়ীর। ঠিক তার পরের বছরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তবে বাপ্পীর গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত ‘জখমি’ ছবিতে। বাকিটা ইতিহাস। ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স ডান্সসহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

শুধু সংগীতের মাধ্যমেই নয়, লুকেও তিনি অনন্য। সোনার গয়না পরতে ভালোবাসতেন বাপ্পী লাহিড়ী। তার জুয়েলারি কালেকশন ছিল যেকোনো গহনাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তাকে বলিউডের ‘গোল্ডেন ম্যান’ বলা হতো। কোনো সময়ই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেতো না তাকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার গহনার প্রতি ভালোবাসার কারণ। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত।

তিনি বলেছিলেন, ‘হলিউডের গায়ক এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলবো। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক না। সোনা আমার কাছে পয়া। আমার এগিয়ে যাওয়ার সাহস।’

Share This:
You might also like