বাংলাদেশে থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারকে স্বদেশে ফেরার নির্দেশ দিল্লির
Bangla Times Desk:
বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মিশন ও পোস্টগুলোর কর্মকর্তাদের পরিবার ও নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। তবে ভারতীয় হাই-কমিশন ও এর আওতাধীন সহকারী হাই-কমিশনগুলো পুরোপুরি সচল এবং কার্যক্রম অব্যাহত রেখেছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
টাইমস্ নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে যে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে না রাখেন। এই নির্দেশনাটি সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জারি করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের স্ত্রী ও সন্তানসহ অন্য নির্ভরশীলদের ভারতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশে ভারতের একটি প্রধান হাই-কমিশন রয়েছে যা ঢাকার কূটনৈতিক জোন বারিধারায় অবস্থিত। এছাড়া ভারতের আরও চারটি সহকারী হাই-কমিশন চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় কার্যক্রম পরিচালনা করছে, যার মাধ্যমে দেশজুড়ে কনস্যুলার ও কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা হয়।
ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, স্বাভাবিক কূটনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও বর্তমান অস্থিরতার মাঝে কর্মকর্তাদের নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করাকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।




