বড় পরিবর্তন ছাড়াই বাজেট পাস

অনলাইন ডেস্ক:
কালোটাকা সাদা করার সুযোগ রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। গতকাল সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ বিল-২০২৪’ পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে
সর্বসম্মতিতে তা পাস হয়। সোমবার নতুন অর্থবছরের প্রথম দিন থেকে এই বাজেট কার্যকর হবে। এর আগে গত ৬ই জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের ওপর সরকার ও বিরোধী দলের ২৩৪ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে গত শনিবার অর্থবিল পাস হয়। রোববার সকালে বাজেট পাসের কার্যক্রম শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে বাজেটের ওপর ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনা হয়। সরকার ও বিরোধী দলের হুইপের মধ্যে সমঝোতা অনুযায়ী, ৩টি মঞ্জুরি দাবি (আইন, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়) আলোচনার সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে মঞ্জুরি দাবিগুলো কণ্ঠভোটে সংসদে গৃহীত হয়।

Share This:
You might also like