ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ বন্দুকধারীদের গুলিতে নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
সংবাদকর্মী ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে—আলজাফারাওয়ির দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে, তার গায়ে ‘প্রেস’লেখা জ্যাকেট। আল জাজিরার যাচাইকরণ সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
এই হত্যাকাণ্ডটি ঘটেছে যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির আল-সাবরা এলাকায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের সময়।
২৮ বছর বয়সী আলজাফারাওয়ি যুদ্ধের সময় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন। তিনি গাজার ভেতর থেকে যুদ্ধের খবর প্রচার করে ব্যাপক পরিচিতি পান এবং নিজের কাজের কারণে ইসরাইলের কাছ থেকে বহুবার হুমকি পাওয়ার কথা বলেছিলেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি গণমাধ্যমকর্মী গাজায় নিহত হয়েছেন— যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ১০ আগস্ট ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইলি হামলা নিহত হয়েছেন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও তার চার সহকর্মী। হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাঁবুতে অবস্থান করছিলেন।
গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোট সাতজন নিহত হন।
হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে ছিলেন—আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।








