নেপালের ছেলে উদিত যেভাবে বলিউডের সুরের সম্রাট
অনলাইন ডেস্ক:
বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ। আশির দশক থেকে এখনও পর্যন্ত তার গাওয়া বহু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এক সময় মাসে ১০০ টাকা উপার্জন ছিল তার। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। ‘সুরের সম্রাট’ বলেও অনেকে ভালোবেসে তাকে সম্বোধন করেন।
সোমবার (১ ডিসেম্বর) ৭০ বছর পূর্ণ হয়েছে তার। সাধারণ পরিবারে জন্ম তার। বলিউডের যাত্রা যে খুব মসৃণ ছিল তা নয়।
ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী হলেও নেপালের সঙ্গীত ও চলচ্চিত্রেও উদিত নারায়ণ এক প্রবাদ পুরুষ। তার অর্জনের তালিকায় রয়েছে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে (আশি দশক, নব্বই দশক ও শূন্য দশক) ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে প্রবাল গোরখা দক্ষিণ বাহু পুরস্কার প্রদান করেন।
উদিত নারায়ণ ২০১৫ সালে ভোজপুরি সিনেমায় অবদান রাখার জন্য চিত্রগুপ্ত সিনেযাত্রা সম্মান-এ ভূষিত হন। বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউডের ৪০টি গানের তালিকায় উদিত নারায়ণের গাওয়া ২১টি গান স্থান পেয়েছে।
১৯৭১ সাল তাকে প্রথম বড় সুযোগ এনে দেয়। সেই বছর কাঠমান্ডু রেডিয়োর জন্য ‘সুন সুন সুন পনভরনি গে তনি ঘুরিয়ো কে তাক’ গানটি তার কণ্ঠে প্রকাশিত হয়। স্থানীয় ভাবে কিছু পরিচিতি মিললেও, বড় সুযোগের সন্ধানে তিনি চলে আসেন মুম্বাই। কিন্তু সেখানে শুরু হয় কঠোর সংগ্রাম। একটি হোটেলে চাকরি করে মাত্র ১০০ টাকা আয়ে দিন কাটাতে হত তাকে।
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘বীর জারা’, ‘মেলা’, ‘ধড়কন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’- এমন অসংখ্য সুপারহিট সিনেমায় তার গাওয়া গান আজও শ্রোতাদের মনে সমানতালে জায়গা করে রেখেছে।







