দেশের কোথাও আজ হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার মতো জনবান্ধব সরকার প্রধান আমরা বাংলাদেশে পেয়েছি বিধায় আজ দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই। চারদিকে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। গ্রামের শেষ প্রান্ত থেকে শহর পর্যন্ত সর্বত্র মানুষকে সচ্ছল করার প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি।
শনিবার (৭ মে) পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নাজিরপুর এ অনুষ্ঠান আয়োজন করে।
শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, একজন মানুষও দরিদ্র থাকবে না, একজন মানুষও অসহায় থাকবে না। শেখ হাসিনার মতো জনবান্ধব প্রধানমন্ত্রী অতীতে কখনো আসেনি।
তিনি যেভাবে গরিবের কষ্ট বোঝেন, দুঃখীর দুঃখ বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন, এ রকম না হলে তিনি রাষ্ট্রনায়ক হতে পারতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন— বলেন মন্ত্রী।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।








