দিল্লির বাংলাদেশ মিশনে হামলা হয়‌নি, দীপু হত্যার প্রতিবাদ করা হয়েছে : ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়

Bangla Times Desk

নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনাকে প্রত্যাখ্যান করেছে ভারত। একইসঙ্গে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ভূমিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটিও প্রত্যাখ্যান করেছে দিল্লি।

দিল্লির বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। প্রকৃতপক্ষে ২০ ডিসেম্বর (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি তোলে।

হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ মিশনে ভারতীয় নাগরিকদের প্রবেশের বিষয়ে মুখপাত্র বলেন, এ ঘটনায় নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

আন্তর্জাতিক প্রটোকল ভিয়েনা কনভেনশন অনুযায়ী, নিজ ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রণধীর জয়সওয়াল।

বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে জানিয়ে মুখপাত্র বলেন, আমাদের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

Share This:
You might also like