দিল্লিতে শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে!
বাংলা টাইমস ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গত বছর আগস্ট থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার কথা প্রথমবারের মতো আজ বুধবার (২৬ নভেম্বর) স্বীকার করেছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা ভারত স্বীকার করেছে।
রণধীর জয়সওয়াল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।”
রণধীর জয়সওয়াল তার বক্তব্যে বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব।”
প্রসঙ্গত, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকে তিনি দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। এ নিয়ে বাংলাদেশ দুই দফায় তাঁকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে।








