ট্রেন দেরি করলেই বিনামূল্যে মিলবে খাবার সুবিধা
অনলাইন ডেস্ক:
ক্রমেই উন্নত থেকে উন্নততর হচ্ছে ভারতীয় রেলওয়ের যাত্রী পরিষেবা। তবে যাত্রী পরিষেবায় মাঝে মাঝে বিড়ম্বনা দেখা যায় ট্রেনের দেরি হওয়া নিয়ে। লাইনের সমস্যা থেকে শুরু করে কুয়াশা বা সিগন্যালিংয়ের সমস্যা, একাধিক কারণেই প্রায় সময় দেরি হয় দূরপাল্লার ট্রেনে। তবে এই বিড়ম্বনা থেকে মুক্তি না পেলেও মিলবে এক দারুণ সুবিধা।
ট্রেনের দেরি হওয়ায় রেল কর্তৃপক্ষের কোনও নিয়ন্ত্রণ না থাকলেও, যাত্রীদের কথা ভেবেই ক্ষতিপূরণের ব্যবস্থা করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। যদি ট্রেন কোনও কারণে দেরি করে, তবে যাত্রীদের ক্ষতিপূরণ হিসাবে বিনামূল্যে খাবার দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি ট্রেন দেরি করে, তবে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। তবে সমস্ত ট্রেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। রাজধানী, দূরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। যাত্রীরা যারা নিজেদের সময় সাশ্রয় করতে এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটেন, ট্রেন লেট করলে তারা বিনামূল্যে খাবারের সুবিধা পাবেন।
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, তারা বিনামূল্যে খাবার ও পানীয় পাবেন। তবে এক্ষেত্রেও একটি শর্ত রয়েছে। যদি ট্রেন দুই ঘণ্টার বেশি লেট করে, তাহলেই এই সুবিধা পাওয়া যাবে।
নিয়ম অনুযায়ী, ট্রেন যে সময়ে লেট করবে, অর্থাত্ সকাল, দুপুর, রাতের উপর নির্ভর করে যাত্রীরা তাদের খাবার সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স বা নৈশভোজ বেছে নিতে পারবেন। আইআরসিটিসির তরফেই এই খাবার সরবরাহ করা হবে।




