চেয়ারম্যান পদে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পেলেন মাত্র ১৩৩ ভোট
অনলাইন ডেস্ক:
বগুড়ার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু জাফর ফারাজীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন মাত্র ১৩৩টি।
গেল সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফলে রাজাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাজিবুল ইসলাম খান রাজু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৭ ভোট।
বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আবু জাফর ফারাজী ১নং ওয়ার্ডে ১১ ভোট, ২নং ওয়ার্ডে ১৬ ভোট, ৩নং ওয়ার্ডে ১৯ ভোট, ৪নং ওয়ার্ডে ১৬ ভোট, ৫নং ওয়ার্ডে ১৯ ভোট, ৬নং ওয়ার্ডে ৬ ভোট, ৭নং ওয়ার্ডে ৫ ভোট, ৮নং ওয়ার্ডে ৯ ভোট, ৯নং ওয়ার্ডে ৩২ ভোট পেয়েছেন।
ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি মিলিয়ে অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও এতো কম ভোট পাওয়ার বিষয়ে আবু জাফর ফারাজী মুঠোফোনে বলেন, “আমার ইউপিতে যারা আওয়ামী লীগ করেন তারা সবাই নৌকার বিপক্ষে কাজ করেছেন। যে ১৩৩ ভোট পেয়েছি তা আমার আত্মীয় স্বজন ও বন্ধুরা দিয়েছে। ভোটের শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বিপক্ষে কাজ করেছেন। এ ব্যাপারে জেলার নেতাদের বারবার জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।”
এ ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ না করায় নৌকার ভরাডুবি হয়েছে।’








