চীনের ভেটোতে আটকে গেল মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের উদ্যোগ
চীন ভেটো দেওয়ায় মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে। তবে চীন সমর্থন না দেওয়ায় তারা যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়।
বিবিসির আজ বুধবারের খবরে জানা যায়, যৌথ বিবৃতি দিতে চীনের সমর্থন প্রয়োজন ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
বৈঠকের আগে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা জানান। তিনি বলেন, এটা খুব স্পষ্ট যে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মিয়ানমার–বিষয়ক বিশ্লেষক এলিয়ট প্রাসফ্রিম্যান বিবিসিকে বলেন, চীন কৌশলগতভাবে মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। চীন মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনাকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবে অভিহিত করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারের পরিস্থিতিকে ‘মন্ত্রিসভায় রদবদল’ বলেছে। এলিয়ট প্রাসফ্রিম্যান মনে করেন, জাতিসংঘের বিবৃতিতেও মিয়ানমারে তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন আসবে না।


