ওমানকে হারিয়ে টি ২০ বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

হারলেই বাংলাদেশকে বিদায় নিতে হত টি ২০ বিশ্বকাপ থেকে। প্রথম রাউন্ডের গ্রুপ বি-র ম্যাচে স্কটল্যান্ড পাপুয়া নিউ গিনিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন না, প্রথম ম্যাচে বাংলাদেশকে স্কটল্যান্ড হারিয়েছিল, ওমান পাপুয়া নিউ গিনিকে। তবে ওমান ক্রিকেট আকাদেমির মাঠে ওমানের বিরুদ্ধে ২৬ রানে গুরুত্বপূর্ণ জয় পেয়ে টি ২০ বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ।

ডু অর ডাই ম্যাচে মাহমুদুল্লাহর অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়ে নিল ক্রিকেট বিশেষজ্ঞদের। বাংলাদেশের ১৫৩ রানের জবাবে ওমান থামল ৯ উইকেটে ১২৭ রানে। মুস্তাফিজুর রহমান চার উইকেট পেলেন চার ওভারে ৩৬ রান খরচ করে। ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা শাকিব আল হাসান।

আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। সৌম্য সরকারের পরিবর্তে প্রথম একাদশে এসে দলের হয়ে সর্বাধিক ৬৪ রান করলেন মহম্মদ নঈম। তাঁর ৫০ বলের ইনিংস সাজানো ৩টি চার ও চারটি ছক্কা দিয়ে। ৪.৩ ওভারে ২১ রানের মধ্যে বাংলাদেশের দুই উইকেট পড়ে গিয়েছিল। লিটন দাস ৬ ও মেহেদি হাসান শূন্য রানে ফেরেন।

Share This:
You might also like