এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

বাংলা টাইমস ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য প্রেসিডেন্টের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শপথ গ্রহণ নিয়ে সম্ভাব্য আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেন। তিনি জানান, সাধারণত নির্বাচিত সংসদ সদস্যরা স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে সে প্রক্রিয়া অনুসরণ সম্ভব নয়।

গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে দণ্ডিত হন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুজনের কেউই শপথ পড়ানোর অবস্থানে নেই।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়াতে পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে, শপথ গ্রহণ করাতে পারেন। তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন।

অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমপিদের শপথের পর নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্য প্রেসিডেন্ট।

Share This:
You might also like