এক মেয়েকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, এক ভাই নিহত
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাহার উদ্দীন (৩৫) সম্প্রতি একই গ্রামের তপুর মিয়ার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। একই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন তার চাচাতো ভাই মৃত মনির মিয়ার ছেলে সোয়াই মিয়া (৩০)। সোয়াই মিয়ার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় বিষয়টি সাহার উদ্দীন জানতে পারেন। সাহার মিয়ার প্রস্তাবের ওপর সোয়াই মিয়া প্রস্তাব দেওয়ায় সাহার মিয়া স্থানীয় লোকজন জড়ো করে গত রোববার রাতে বিচারপ্রার্থী হন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে সাহার মিয়া (৩৫), সাব্বির মিয়া (৪৭), জুনেদ মিয়াসহ (৩০) কয়েকজন আহত হন।




