এক ভুলেই নিঃস্ব হতে চলেছেন ৭,০০২ বিটকয়েনের মালিক! কারণ শুনে চমকে যাবেন
অনলাইন ডেস্ক:
একটি পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ৭ হাজার ২টি বিটকয়েনের অ্যাক্সেস হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত সফটওয়্যার ডেভেলপার স্টেফান টমাস। বর্তমান বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ৬৭৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার কোটি টাকা)।
২০১১ সালে একটি শিক্ষামূলক ভিডিও তৈরির বিনিময়ে তিনি এই বিটকয়েনগুলো পেয়েছিলেন। সেই সময় প্রতি বিটকয়েনের দাম ছিল কয়েক ডলার মাত্র। কিন্তু আজ সেটি রূপ নিয়েছে অমূল্য সম্পদে। সমস্যা হলো—এই বিপুল অর্থের ভান্ডারটি রাখা আছে একটি IronKey নামের এনক্রিপটেড ইউএসবি ড্রাইভে, যার পাসওয়ার্ড তিনি ভুলে গেছেন।
মাত্র ১০ বার চেষ্টা করার সুযোগ
IronKey ড্রাইভের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে, পাসওয়ার্ড ভুলভাবে ১০ বার দিলে ড্রাইভের সব তথ্য চিরতরে মুছে যায়। স্টেফান টমাস ইতিমধ্যে ৮ বার ভুল চেষ্টা করেছেন। এখন তার হাতে আছে মাত্র দুইটি সুযোগ। ভুল হলে, ৭ হাজার ২ বিটকয়েন চিরতরে হারিয়ে যাবে।
“এই দুইটি চেষ্টার ভেতরেই আমার ভবিষ্যৎ নির্ধারিত হবে,” এক সাক্ষাৎকারে বলেছেন টমাস।
হারানো সম্পদে মানসিক চাপ
এই ঘটনার মানসিক চাপও কম নয়। টমাস জানিয়েছেন, প্রতিটি ব্যর্থ চেষ্টার পর তিনি গভীর হতাশা ও অনুশোচনায় ভোগেন। তবুও তিনি ‘Unciphered’-এর মতো পেশাদার রিকভারি প্রতিষ্ঠানের সাহায্য নিতে রাজি হননি, যদিও এসব প্রতিষ্ঠান দাবি করে, তারা IronKey-এর সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে।
ক্রিপ্টো দুনিয়ার বড় শিক্ষা
বিশেষজ্ঞরা বলছেন, টমাসের এই বিপর্যয় ক্রিপ্টোকারেন্সি দুনিয়ার বড় এক বাস্তবতা তুলে ধরে—স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্বের ভার। Cane Island Digital-এর তথ্য অনুযায়ী, পৃথিবীতে মোট উৎপাদিত বিটকয়েনের প্রায় ৩.৭ মিলিয়ন (প্রায় ২০ শতাংশ) ‘হারিয়ে গেছে’, কারণ মালিকরা পাসওয়ার্ড বা প্রাইভেট-কি ভুলে গেছেন।
এখন প্রশ্ন—স্টেফান টমাস কি কখনও নিজের ডিজিটাল ধনভাণ্ডারের দরজা খুলতে পারবেন? না কি এই ৭ হাজার ২ বিটকয়েন চিরতরে থেকে যাবে এনক্রিপশনের অন্ধকারে বন্দি?
বিশ্বজুড়ে ক্রিপ্টো অনুসারীরা তাকিয়ে আছে তার পরবর্তী পদক্ষেপের দিকে—একটি ভুল পাসওয়ার্ড চেষ্টাই যে কখনও কখনও কোটি কোটি ডলারের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, সেটিরই এক জ্বলন্ত উদাহরণ হয়ে আছেন স্টেফান টমাস।




