ইরানের অতর্কিত হামলায় মার্কিন-ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত, জেরুজালেমে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অতর্কিত হামলায় এমকিউ-৯, হারমেস ও অরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’ ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইসফাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশের মধ্যে ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

Share This:
You might also like