ইটালি যাওয়া আর হলো না ইমনের, ভূমধ্যসাগরে মৃত্যু!
Bangla Times News Desk:
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ইমন মোল্লার ইটালি যাওয়া হলো না। গত শুক্রবার (২৫ জুন) রাতে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হয় তার। নিহত ইমন (১৮) উপজেলার শাখারপাড় গ্রামের সোবহান মোল্লার ছেলে। ৩ ভাইয়ের মধ্যে ইমন ছিল মেঝো।
ইমন মারা গেছে খবরটি শোনার পর থেকেই ইমনের মা অজ্ঞান হয়ে যায়। তাকে টেকেরহাট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ইমন যে কিভাবে মারা গেছে সঠিক কারণটি পরিবারের কেউ জানে না। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইমনের ভাই সোহাগ মোল্লা জানায়, ইমন নিজেই রুবেল দালালের সাথে চুক্তি করে বিদেশের পথে পাড়ি জমিয়েছিল। তবে আমরা দালালের সাথে কথা বলেছি ও আমাদের ফোনে দালালের সাথে কথা বলিয়েছিল। তারপর মঙ্গলবার রাতে আমরা এ খবর পাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী জানান, আমি ঘটনা শোনার সাথে সাথে তাদের বাড়ী গিয়েছি এবং তার মা যে প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে সেখানেও গিয়েছি। তারা কেউ আমার সাথে এ ব্যাপারে কথা বলেনি। যেহেতু তারা অসুস্থ আছে। তবে তারা সুস্থ হোক সুস্থ হলে অবশ্যই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সুত্র: কালেরকন্ঠ








