“ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১২ লাখ ৩৪ হাজার সেনা নিহত”
Bangla Times Desk:
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে কিয়েভ। শনিবার (২৫ জানুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রকাশিত রিপোর্টে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ১২ লাখ ৩৪ হাজার ৪০ জন রুশ সেনা নিহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০ জন রুশ সেনা হতাহত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া ধ্বংস হয়েছে ৩৬ হাজার ৬১২টি আর্টিলারি সিস্টেম, ১ হাজার ৬২৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, এবং ১ হাজার ২৮৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশযুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে জেনারেল স্টাফ জানায়, এখন পর্যন্ত ধ্বংস হয়েছে ৪৩৪টি বিমান ও ৩৪৭টি রুশ হেলিকপ্টার। পাশাপাশি ১ লাখ ১৪ হাজার ৮৯৬টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেন।
নৌবাহিনীর ক্ষেত্রেও রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষতির কথাও জানানো হয় প্রতিবেদনে। এতে বলা হয়, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া ২৮টি জাহাজ ও নৌযান এবং দুটি সাবমেরিন হারিয়েছে। তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: কিয়েভ ইনডিপেনডেন্ট




