অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বন্ধ করলো যুক্তরাষ্ট্র, কারা বেশি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (স্বরাষ্ট্র দপ্তর) এক নতুন নিয়ম ঘোষণা করেছে, যার ফলে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের (ইএডি) মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না। এই সিদ্ধান্তের কারণে হাজার হাজার বিদেশি কর্মীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত বুধবার জানিয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর বা তার পর থেকে যেসব অভিবাসী কর্মী তাঁদের ইএডি নবায়নের জন্য আবেদন করবেন, তাঁরা আর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার সুবিধা পাবেন না। তবে ৩০ অক্টোবরের আগে স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত হওয়া ইএডিগুলোর বৈধতা অক্ষুণ্ণ থাকবে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য হচ্ছে ‘জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে যাচাই-বাছাই করা।’

এই পদক্ষেপ বাইডেন প্রশাসনের একটি পুরোনো নিয়মকে বাতিল করে দিলো। বাইডেন প্রশাসনের সেই নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময়মতো নবায়নের আবেদন করলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অভিবাসীরা ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন।

মার্কিন প্রশাসন বলছে, এখন থেকে তারা অভিবাসী কর্মীদের অতীত আরও ঘন ঘন পরীক্ষা করবে, যা ‘প্রতারণা আটকাতে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে আসা’ লোকজনকে খুঁজে বের করতে সহায়তা করবে।

ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, যুক্তরাষ্ট্রে কাজ করাটা অভিবাসী কর্মীদের ‘অধিকার নয়, বরং বিশেষ সুযোগ’।

ইউএসসিআইএস পরামর্শ দিয়েছে, অভিবাসীরা যেন তাঁদের ইএডির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নবায়নের আবেদন করেন। তারা সতর্ক করেছে যে আবেদন জমা দিতে দেরি হলে কর্মক্ষেত্রে বৈধ নথিপত্রের অভাবে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়বে।

ইএডি কী এবং কাদের জন্য প্রযোজ্য?
> ইএডি বা ফর্ম আই-৭৬৬ হলো একটি প্রমাণপত্র যা নিশ্চিত করে যে ধারক একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পেয়েছেন।
> যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) বা এইচ-১বি, এল-১বি-এর মতো বিশেষ ভিসাধারীদের সাধারণত এই কার্ডের প্রয়োজন হয় না।

এইচ-১বি ভিসায় নতুন কড়াকড়ি
ট্রাম্প প্রশাসনের অধীনে গত সেপ্টেম্বরে নতুন এইচ-১বি ভিসার বার্ষিক ফি বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়। এই পদক্ষেপের উদ্দেশ্য ‘খুবই দক্ষ’ কর্মীদেরই শুধু যুক্তরাষ্ট্রে আনা।

এছাড়াও, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বিশ্ববিদ্যালয়ে এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করে মার্কিনদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share This:
You might also like