অরুণাচলকে ভারতের অংশ বলায় চীনে ভারতীয় ইউটিউবারকে অভুক্ত রেখেই আটক

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে ভ্রমণকালে অরুণাচল প্রদেশ ভারতের অংশ বলে মন্তব্য করার কারণে একজন ভারতীয় ইউটিউবারকে আটক ও দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এই ঘটনা ঘটেছে ভারতীয় ভ্রমণভিত্তিক ইউটিউব চ্যানেল ‘অন রোড ইন্ডিয়ান’-এর পরিচালক অনন্ত মিত্তালের সঙ্গে। তিনি জানান, মন্তব্য করার পর তাকে প্রায় ১৫ ঘণ্টা ধরে আটক রাখা হয় এবং কোনো খাবারও দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ঘটনা ঘটে ১৬ নভেম্বর। অনন্ত মিত্তাল তার ইউটিউব চ্যানেলে পুরো অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই; তিনি কেবল ভ্রমণের মাধ্যমে বিভিন্ন দেশ ও সংস্কৃতি তুলে ধরেন।

অনন্ত জানান, চীনের অভিবাসন কাউন্টারে প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। নিয়মমাফিক প্রশ্ন করা হয় এবং পাসপোর্টে স্টিকারও লাগানো হয়। কিন্তু স্ট্যাম্প দেওয়ার সময় হঠাৎ পরিস্থিতি বদলে যায়। এক কর্মকর্তা তাকে অন্যদের ডেকে নিয়ে গিয়ে একটি আলাদা কক্ষে বসিয়ে রাখেন। তার সঙ্গে থাকা মোবাইল ফোনসহ সব ইলেকট্রনিক ডিভাইস নেওয়া হয়।

কিছুক্ষণ পর চীনা কর্মকর্তারা ফিরে এসে জানান, তারা জানেন তিনি একজন ইউটিউবার। তখনই অনন্ত বুঝতে পারেন, সমস্যার মূল কারণ হলো অরুণাচল প্রদেশ নিয়ে তার মন্তব্য। তিনি স্বীকার করেন, চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের কারণে এ ধরনের মন্তব্য করতে তার উচিত ছিল না।

ভিডিওতে আরও বলা হয়েছে, আটককালে তাকে কোনো খাবার দেওয়া হয়নি, যদিও একই কক্ষে থাকা বাংলাদেশি পর্যটকদের খাবার দেওয়া হয়েছিল। অনন্তের মতে, শুধুমাত্র “অরুণাচল প্রদেশ ভারতের অংশ” এই বক্তব্যের কারণে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

অনন্ত মিত্তাল জানান, তিনি উত্তর-পূর্ব ভারতে তিন বছর পড়াশোনা করেছেন এবং এই অঞ্চলের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি অরুণাচলের একজন বাসিন্দার চীনে আটক হওয়ার খবর শুনে তিনি আবেগপ্রবণ হয়ে একটি ভিডিও করেছিলেন। তার ধারণা, সেই ভিডিও ও মন্তব্যই চীনা কর্তৃপক্ষের নজরে এসেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত-চীন সম্পর্ক এবং সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share This:
You might also like