যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক, লস অ্যাঞ্জেলেসে চালু হচ্ছে দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস
Bsngla Times Desk:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানদের প্রতিষ্ঠিত ও পরিচালিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST) আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। ভার্জিনিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস চালুর পর এবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশির উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ের এই সম্প্রসারণকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের অর্কিড মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও চ্যান্সেলর বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী আবুবকর হানিফ আনুষ্ঠানিকভাবে নতুন ক্যাম্পাসের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফারহানা হানিফসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আবুবকর হানিফ বলেন, “ভার্জিনিয়ায় আমাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পর এবার লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। এটি শুধু একটি নতুন ক্যাম্পাস নয়, বরং বাংলাদেশি-আমেরিকানদের শিক্ষা উদ্যোগকে আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না, বরং দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি নিয়ে কর্মজীবনে প্রবেশ করবে।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবুবকর হানিফ জানান, WUST এবং তাঁর প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রশিক্ষণ ও জনশক্তি উন্নয়ন প্রতিষ্ঠান পিপলএনটেক (PeopleNTech) এর মাধ্যমে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের সফল কর্মজীবনের জন্য প্রস্তুত করাই এই দুই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস চালুর প্রশাসনিক কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন ক্যাম্পাসে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক সময়ের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ইউনিভার্সিটির চিফ ফিনান্সিয়াল অফিসার ফারাহানা হানিফ বলেন, “শিক্ষা মানুষের জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের মাধ্যমে আরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং কর্মজীবনের নতুন সুযোগ লাভ করবে।”
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপরও সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
২০০৮ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বিশ্ববিদ্যালয়টির প্রথম নিজস্ব স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়। সেই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস চালুর ঘোষণা প্রতিষ্ঠানটির জাতীয় পর্যায়ে সম্প্রসারণের নতুন অধ্যায়ের সূচনা করল
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন ক্যাম্পাস চালু হলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা আরও সহজলভ্য হবে এবং বাংলাদেশি-আমেরিকানদের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় দেশটির উচ্চশিক্ষা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।







