ভারত-আফগানিস্তান ‘ম্যাচ পাতানো’ নিয়ে যা বললেন শোয়েব আখতার
অনলাইন ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে শুরু হয়েছে অদ্ভুত এক দাবি। অনেকেই বলছেন, গতকালের ম্যাচটি নাকি পাতানো ছিল। কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শকরাই এমন দাবি করেছেন। কোনো ক্রিকেটবোদ্ধা নন। সেই সমর্থকদের উদ্দেশ এবার পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার টুইটারে লিখেছেন, ‘এই ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এটা কেবলই বাজে দিকটাই ফুটিয়ে তুলবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি।’
কিন্তু শোয়েব আখতার নিজের ইউটিউব পেইজে একটি ভিডিও আপলোড দিয়ে বলেছেন, ‘অনেকেই হতাশ হয়েছেন, হতাশ হতেই পারেন। ভারতের জন্য এখনো সুযোগ আছে। ভারত খুবই ভালো খেলেছে। এই সহজাত ক্রিকেটটাই খেলা দরকার ছিল ভারতের। দুই-তিন জায়গায় মনে হতে পারে আফগানিস্তানের ব্যাটিং ভালো করা উচিত ছিল, বোলিং ভালো করা উচিত ছিল।”
মুজিব উর রহমান দলে নেই কেন- এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। শোয়েব বলেছেন, তিনি তো আগে থেকেই ইনজুরিতে ছিলেন, হয়তো গোটা টুর্নামেন্টেই মাঠে নামা হবে না তার। অনেকে প্রশ্ন তুলেছেন, মোহাম্মদ নবি কেন মাত্র একটি ওভার করলেন। শোয়েব আখতারের মতে, আফগানিস্তানের ওপর এভাবে জোরালো অভিযোগ আনাটা ঠিক না। ওখানে শরিয়া আইন আছে, বড় শাস্তির ঘোষণাও দিয়ে দিতে পারে সেখানে।
– বিবিসি বাংলার প্রতিবেদন অবলম্বনে








