বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজনে যুদ্ধে নামবো: যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ
অনলাইন ডেস্ক:
বিএনপিকে মোকাবিলা করতে এবার প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপি মাঠে নামলে গণধোলাই খাবে। জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।’
তিনি বলেন, ‘আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি। অতীতের সব আন্দোলনে শেখ হাসিনার পক্ষে মুখ্য ভূমিকা রেখেছে যুবলীগ। বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবো। যেখানে বিএনপি-জামায়াত, সেখানেই মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, দেখা যাবে। আমরা রাজপথে থাকবো।’
পরশ বলেন, ১নেত্রী কেন এ যুব সমাবেশ করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।’
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের সমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা।








