বাংলালিংকের বিরুদ্ধে মামলা করবেন গায়ক জেমস

অনলাইন ডেস্ক:

টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ করেছেন বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের ‘গুরু’ ফারুক মাহফুজ আনাম জেমস। তার বিভিন্ন জনপ্রিয় গানকে বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে তিনি এই অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) মামলা দায়ের করতে জেমস আদালতেও আসেন। তবে আদালত তার মামলার আর্জি গ্রহণ না করে থানায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশনা মেনে জেমস মামলা করতে গেছেন রাজধানীর গুলশান থানায়।

রোববার মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছিলেন জেমস। দুপুর সাড়ে ১২টার দিকে মামলার আবেদনটি বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি হয়। তবে আদালত মামলা গ্রহণ না করে তাকে থানায় যাওয়ার পরামর্শ দেন। থানা যদি এ বিষয়ে মামলা গ্রহণ না করে তাহলে আদালতে আসার জন্য বলেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী তাপস কুমার পাল জানান,‘কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ এনে জেমস বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আদালতে এসেছিলেন। আদালত তাকে থানায় মামলা দায়ের করতে বলেছেন। কোনো কারণে থানা যদি মামলা গ্রহণ না করে, তাহলে আদালত মামলার আর্জি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন।’

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর আইনজীবী তাপস বলেন,‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই গানগুলো বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকান্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণেই তিনি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করবেন। এখন এরচেয়ে বেশিকিছু আর বলতে চাই না।’

Share This:
You might also like