আফগানিস্তানে ফিরলেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর, হতে পারেন পরবর্তী প্রেসিডেন্ট
Bangla Times Desk: কাবুলে ফিরেছেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর। মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে তিনি আফগানিস্তানে ফেরেন বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে। দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বরাদর।
পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, আফগানিস্তানের নয়া তালেবান নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে দেখা যেতে পারে বরাদরকে। যদিও সেই সরকার শুধুমাত্র তালেবান প্রতিনিধিদের নিয়ে গড়া হবে না কি অন্য গোষ্ঠীগুলিও ক্ষমতার ভাগ পাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ডান হাত ছিলেন বরাদর। ওমরের উত্তরসূরি হিসেবেও তাঁর নাম আলোচনায় ছিল। কিন্তু ২০১০ সালে পাকিস্তানের করাচিতে গ্রেফতারও হন বরাদর। ২০১৫-য় আমেরিকার বিমানহানায় ওমরের মৃত্যুর পর তালেবানের নেতা হন আখতার মনসুর। ২০১৬ সালে মনসুরও ড্রোন হামলায় মারা যান। তালিবানের নেতা হন হিবাতুল্লা আখুন্দজাদা।


