তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীসহ নিহত ১২
Bangla Times Online:
তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীসহ অন্তত ১২জন শরণার্থী নিহত হয়েছেন। পাশ্ববর্তী দেশ ইরানের সীমান্তসংলগ্ন এলাকায় রবিবারের এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানায়, শরণার্থীদের নিয়ে একটি মিনিবাস রবিবার রাতে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। সেসময় মিনিবাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়র্টাস।
আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিনিবাসের চালককে আটক করা হয়েছে।
ইরানের পার্শ্ববর্তী তুরস্কের এ রাস্তাটিকে শরণার্থীরা সীমান্ত পাড়ি দিতে ব্যবহার করে বলে জানা গেছে।
অভিবাসনপ্রত্যাশীদের পথ
বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা শরণার্থীরা ইরান থেকে সাধারণত পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশ করে। তারপর তারা মানবপাচারকারীদের সহায়তায় তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইস্তানবুল ও আঙ্কারায় পৌছায়। যাত্রা পথে প্রায়ই নিহতের ঘটনা ঘটে। গত বছরের জুন মাসে ভান লেকে নৌকা ডুবে ৬০জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়।
আঙ্কারা ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন স্টাডিজের প্রেসিডেন্ট মেটিন কোরাবাটির জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর বিপজ্জনক এ পথটি দিয়ে তরুণ শরণার্থীদের আসার সংখ্যা বাড়ছে।



