বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাটাইমস নিউজ ডেস্ক:

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনা প্রতিরোধে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি বুধবার (২১ এপ্রিল) এই ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

CSB Ad

আগামী শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশটিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারের ওয়াবসাইটে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন এবং এখন পর্যন্ত এ রোগে দেশটিতে মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

সুত্র: টাইমস অফ ওমান

Share This:
You might also like