লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফিরছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান
বাংলা টাইমস ডেস্ক:
অনিশ্চয়তা কাটিয়ে এবার নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন আনায়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) তাকে অস্ট্রেলিয়ার নারী কমিউনিটি ও প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে। ফলে যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটেও খেলার পথ খুলেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের পর আনায়া ইনস্টাগ্রাম পোস্টে এবং পরবর্তীতে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটে খেলার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি জানান, এই অনুমোদন কোনো অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, ন্যায্যতা, প্রতিযোগিতার অখণ্ডতা ও অন্তর্ভুক্তির ভারসাম্য রেখে তৈরি CA এর কাঠামোর মাধ্যমেই এসেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়ে, আগে আনয়ার নাম ছিল আরিয়ান বাঙ্গার। আনায়া বলেন, ‘এটি শুধু আমার জন্য নয়, আমার মতো অন্য অ্যাথলেটদের জন্যও একটি বড় মাইলফলক।’
তবে এলিট ক্রিকেটে জায়গা এখনো নিশ্চিত হয়নি। আনায়া বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে একটি পথ তৈরি করে দিয়েছে, এর অর্থ এই নয় যে আমাকে কোনো দলে জায়গা দেওয়া হয়েছে। আমাকে অনুশীলন করতে হবে, প্রতিযোগিতায় খেলতে হবে, পারফর্ম করতে হবে এবং সেই সুযোগ অর্জন করতে হবে।’
দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে নিজের পরিচয়ের চেয়ে পারফরম্যান্সকে এগিয়ে রাখতে চান তিনি। তার ভাষায়, ‘আমি আশা করি না, আমার অতীত বা আমার পরিচয় আমাকে কোনো ক্রিকেট দলে জায়গা এনে দেবে। আমি চাই, আমার ক্রিকেটই আমাকে একটি ক্রিকেট দলে জায়গা এনে দিক।’
মুম্বাইয়ের বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডার ব্যাটার ও অলরাউন্ডার হিসেবে খেলেছেন আনায়া। পরে যুক্তরাজ্যেও স্থানীয় ক্লাবের হয়ে অনুশীলন ও ক্রিকেট চালিয়ে যান। তার নারী ক্রিকেটে ফেরার পথটি অবশ্য যোগ্যতা ও নীতিমালা নিয়ে নানা প্রশ্নের মধ্য দিয়ে এগিয়েছে।
এখন অস্ট্রেলিয়ার কমিউনিটি ও প্রিমিয়ার ক্রিকেট দিয়েই তার প্রত্যাবর্তন শুরু হবে। ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটে খেলার সম্ভাবনা নির্ভর করবে প্রযোজ্য যোগ্যতার শর্ত, যার মধ্যে টেস্টোস্টেরন সংক্রান্ত মানদণ্ডও রয়েছে তা পূরণের ওপর। ভবিষ্যতে উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলারও লক্ষ্য রয়েছে আনায়ার।






