ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া যাচাই করা হবে!

Bangla Times Desk

ভারত সরকার এবার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের আগে তাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনের আগে আবেদনকারীর অন্তত গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অনলাইন কর্মকাণ্ড পরীক্ষা করা হবে। মূলত মার্কিন ভিসা নীতির অনুকরণে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। তবে অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী মন্তব্য, পোস্ট বা বিদ্বেষমূলক প্রচারণা চালান, তাদের ভিসা দেওয়াকে অগ্রাহ্য করা হতে পারে।
ঢাকাসহ খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ধাপে ধাপে সাধারণ ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। ইতিমধ্যেই মেডিকেল, শিক্ষা ও জরুরি ভিসার ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া কার্যকরভাবে চলেছে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রযুক্তি ও জনবল বৃদ্ধি করা হচ্ছে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কর্মকর্তারা জানিয়েছেন, আগামীতে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক হবে। ফলে ভারত ভ্রমণ পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের এখন থেকে অনলাইনে পোস্ট বা মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে।
Share This:
You might also like