দুই থানা নিয়ে গঠিত হচ্ছে সাভার সিটি করপোরেশন
ঢাকা জেলার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে সাভার সিটি করপোরেশন। একইসঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং আশুলিয়ার ইউনিয়ন পরিষদগুলো বাতিল হয়ে যাবে। বিভাগীয় কমিশনারের সাম্প্রতিক গোপনীয় প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারি প্রস্তাবে বলা হয়, দ্রুত বর্ধমান শিল্পাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং ব্যবসা-বাণিজ্যের ঘনত্বে সাভার এখন এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। বর্তমান পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আশুলিয়া অঞ্চলে গার্মেন্টস শিল্প, শ্রমিক আবাসন ও আবাসিক প্রকল্পের বিস্তারে ইউনিয়ন পরিষদ কাঠামো কার্যকর প্রশাসন দিতে ব্যর্থ হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে সঠিক পরিকল্পনা না থাকায় সাধারণ মানুষ নানা দুর্ভোগে পড়ছে।
অন্যদিকে, রাজধানীর সন্নিকটে অবস্থিত কেরানীগঞ্জ দ্রুত নগরায়ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তবে পৌর প্রশাসনের অভাবে মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এজন্য এলাকাটিকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাব অনুমোদনের পর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সরকারের এই সিদ্ধান্ত উন্নয়ন বঞ্চিত মানুষের জন্য একটি বড় পদক্ষেপ। এতে সাভার-আশুলিয়া অঞ্চলের বাসিন্দারা অবশেষে তাদের প্রাপ্য নাগরিক সেবা ও মর্যাদা পাবেন।




