স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে
বাংলা টাইমস ডেস্ক:
স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবার) তারা দেশে পৌঁছেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।
দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আরও দুটি ফ্লাইটের মাধ্যমে ছয় শতাধিক অভিবাসীকে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ করছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীতে দূতাবাস জাতিসংঘের অভিবাসন সংস্থা- আইওএম এবং লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়।
অভিবাসীদের অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ নানা প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের দেশে ফেরানো হলো।
আফ্রিকার দেশ লিবিয়াতে বর্তমানে ২০ হাজার ৩৯২ জন বাংলাদেশি অবস্থান করছেন৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিলিফওয়েবের সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে৷
নির্দিষ্ট সময় পর পর ডিসপ্লেসমেন্ট ট্রেকিং মেট্রিক্স বা ডিটিএম নামে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি৷
প্রতিবেদনে বিভিন্ন দেশের অভিবাসীদের অবস্থান, সংখ্যা ইত্যাদি তথ্য প্রকাশ করা হয়৷
লিবিয়ায় অভিবাসীদের নিয়ে মঙ্গলবার রিলিফওয়েবের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, দেশটিতে এই মুহূর্তে বিশ্বের ৪৫টি দেশের মোট আট লাখ ৯৪ হাজার ৮৯০ জন অভিবাসী অবস্থান করছেন৷ চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে লিবিয়ার ১০০টি পৌরসভায় এই গবেষণাটি পরিচালনা করা হয়৷
রিলিফওয়েবের প্রাপ্ত তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে অবস্থানরত অভিবাসীদের মোট দুই ভাগ বাংলাদেশি৷ সেই হিসেবে দেশটিতে এই মুহূর্তে মোট ২০ হাজার ৩৯২ জন বাংলাদেশি অবস্থান করছেন৷
জাতিসংঘের সহায়তায় দেশে ফিরলেন শতাধিক সিরীয়
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর স্বেচ্ছা প্রত্যাবাসন প্রকল্প- ভিএইচআর এর অধীনে দামাস্কাসে ফিরে গেছেন ১৫২ জন সিরীয় নাগরিক। তাদেরকে বুধবার ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইওএম।
আইওএম-এর তথ্য অনুসারে ২০২৪ সালের ডিসেম্বর থেকে পাঁচ লাখ ৮১ হাজার সিরীয় বিদেশ থেকে নিজ দেশে ফিরে গিয়েছেন। এদের বেশিরভাগই তুরস্ক এবং লেবাননে ছিলেন।
২০১৫ সালের পর থেকে লিবিয়া থেকে এক লাখ পাঁচ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে নিরাপদে ফিরে যেতে সহায়তা করেছে আইওএম।
এডিকে/এসিবি (আইওএম, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, রিলিফ ওয়েব)




