হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, আর হারাবে না গুরুত্বপূর্ণ মেসেজ
হোয়াটসঅ্যাপে প্রতিদিনই অসংখ্য মানুষের সঙ্গে আমাদের কথা হয়। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ বার্তা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরে খুঁজে বের করতে গিয়ে সমস্যায় পড়তে হয়, আবার অনেক সময় বার্তাটিই ভুলে যাই। তবে এই ঝক্কি এবার শেষ হতে চলেছে।
কারণ, হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।
কীভাবে কাজ করবে এই ফিচার?
এবার থেকে যেকোনও চ্যাটের গুরুত্বপূর্ণ মেসেজে ব্যবহারকারী চাইলে ‘রিমাইন্ডার’ সেট করতে পারবেন। নির্দিষ্ট সময়ে সেই বার্তাটি আবার স্ক্রিনে ভেসে উঠবে, যাতে ব্যবহারকারী তা ভুলে না যান। যেসব মেসেজে রিমাইন্ডার সেট করা হবে, সেগুলির পাশে বিশেষ একটি ‘রিমাইন্ডার’ আইকন দেখা যাবে। নির্ধারিত সময়ে মেসেজটি নোটিফিকেশন হিসেবে আসার পর স্বয়ংক্রিয়ভাবেই ওই আইকন সরে যাবে।
কারা ব্যবহার করতে পারবেন?
এখনই শুধু আইফোন ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ২৫.২৫.৭৪ ভার্সন থেকে এটি চালু হয়েছে। তবে খুব শিগগিরই অ্যান্ড্রয়েডেও ফিচারটি চালু হবে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যস্ত জীবনে গুরুত্বপূর্ণ বার্তা মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই ফিচার দারুণ কার্যকর ভূমিকা রাখবে।

