২০০ বাংলাদেশিকে স্কলারশিপ দিচ্ছে রাশিয়া, আবেদন অনলাইনে

বাংলা টাইমস ডেস্ক:

রাশিয়ান সরকারের স্কলারশিপ কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক আলেকসান্দ্রা খলেভনোয়া।

তিনি জানান, এ বছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৬৫ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছে। আবেদন বাছাই ও সহযোগিতার কাজ করছে ঢাকার রাশিয়ান হাউস এবং রাশিয়ান দূতাবাস।

খলেভনোয়া আরও বলেন, শিক্ষার্থীরা রাশিয়ান হাউসের সহায়তায় নিজেদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা ও রাশিয়ান ভাষা শেখার ক্ষেত্রেও সহায়তা করবে।

তিনি বলেন, এই বৃত্তি শুধু শিক্ষার সুযোগ নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্ব এবং ভবিষ্যৎ সহযোগিতাকে আরও দৃঢ় করবে।

রাশিয়ান সরকারের এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে।

Share This:
You might also like