১৮ বলে অর্ধশতরান, ৩৯ বছরে এত ফিট কী ভাবে? শোয়েব মালিক নিজেই সেই রহস্য ভেদ করলেন

অনলাইন ডেস্ক:

বয়সটা যে শুধুই সংখ্যা, সেটা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রমাণ করে চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও তিনি ২২ গজে ফুল ফোটাচ্ছেন। রবিবার তো স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল শোয়েব মালিককে। ১৮ বলে অর্ধশতরান করে ফেলেন শোয়েব মালিক। স্পর্শ করলেন কেএল রাহুলের নজির।

ইনিংসের শেষ ওভারে ক্রিস গ্রেভসকে তিনটে ছয় এবং একটি চার মারেন শোয়েব। সেই সঙ্গেই তিনি ১৮ বলে অপরাজিত ৫৪ রান করে ফেলেন। আর শোয়েব মালিকের এই রানের হাত ধরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ করে ফেলে। শেষ ওভারে সব মিলিয়ে গ্রেভস দেন মোট ২৬ রান।

৩৯ বছর বয়সেও এই ফিটনেস, এই একাগ্রতা, এই ক্ষুরধার পারফরম্যান্সের পিছনে আসল রহস্য কী? এর উত্তরে কোনও রাখঢাক না করে শোয়েব মালিক পরিষ্কার বলে দিয়েছেন, ‘সত্যি কথা বলতে, যখন আমি নিজেকে আয়নার দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এই নিয়ে আমার একটা খুতখুতে বিষয় রয়েছে। যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তা হলে তাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। যা আমি করে থাকি।’

এ দিন পাকিস্তানের ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করে স্কটল্যান্ড। ৭২ রানে ম্যাচ জিতে যায় পাকিস্তান।

Share This:
You might also like