‘১৮ দফায় কিছু হবে না, লকডাউন লাগবেই!’
নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) প্রবল সংকটের মধ্যে সাধারণ শয্যা পেতেও হিমশিম খাচ্ছে রোগীরা। একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন আগেও যেখানে তারা কোভিড ইউনিট বন্ধ করার বা বেড কমানোর চিন্তা করেছিলেন সেখানে এখন বেড বাড়াতে বাধ্য হচ্ছেন। তারপরও রোগীদের ফিরিয়ে দিতে হচ্ছে নিয়মিত।
রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিকে দ্বিতীয় ঢেউ নয়, দ্বিতীয় সুনামির সঙ্গে তুলনা করে চিকিৎসকরা বলছেন, সরকারি ১৮ দফা নির্দেশনা দিয়ে কোনওভাবেই এ সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অভিযোগের সুরে তারা বললেন, বইমেলা-শপিংমল-বিনোদনকেন্দ্র-সিনেমা হল খোলা রেখে মানুষকে ঘরে রাখা সম্ভব নয়। লকডাউন লাগবেই।
এদিকে প্রতিদিনিই রেকর্ড ভাঙছে করোনা। ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ হাজার ৩৫৮ জন। ৩০ মার্চ শনাক্ত পাঁচ হাজার ৪২ জন। তার আগের দিন পাঁচ হাজার ১৮১ জন। টানা তিন দিন রোগী শনাক্ত হচ্ছে পাঁচ হাজারের বেশি।




