স্ত্রীর স্বাক্ষর নকল করে স্বামীকে তালাকনামা পাঠালেন কাজি!
নিউজ ডেস্ক:
স্ত্রীর স্বাক্ষর জাল করে স্বামীর কাছে তালাকনামা পাঠানোর অভিযোগ উঠেছে মোশারফ হোসেন নামে কাজির এক সহকারীর বিরুদ্ধে। পূর্ব শক্রতার জের ধরে তিনি এ কাজ করেন। এদিকে তালাকের বিয়ষটি জানেন না স্বামী-স্ত্রীর কেউ। রংপুরের পীরগঞ্জে ভেণ্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
তালাকনামা বাড়ি পৌঁছানোর সময় ওই সম্পতি বাড়িতেই ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেন পরিবারের সদস্যরা। পরে তিনি তার বাবার বাড়িতে চলে যান।
জানা যায়, ওই গ্রামের মোকছেদ আলী প্রায় ২৫ বছর আগে একই ইউনিয়নের মহেশপুর গ্রামের নার্গিস বেগমকে (৪০) বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) নুরুল ইসলামের সহকারী মোশারফ হোসেনের সাথে ওই দম্পতির বিরোধ চলছে। এর জের ধরে মোশাররফ হোসেন নার্গিস বেগমের স্বাক্ষর জাল করে গত ১৯ জানুয়ারি তৈরি করা একটি তালাকনামা তাদের কাছে পৌঁছায়। গত ৭ ফেব্রুয়ারি গ্রাম পুলিশ সদস্য রমজান আলী তালাকনামাটি মোকছেদ আলীর বাড়িতে পৌঁছে দেন।
ভুক্তভোগী নার্গিস বেগম বলেন, ‘আমিতো তালাক দেইনি। আমার সুখের সংসার। কাজি আমার স্বাক্ষর দিয়ে আমার স্বামীকে তালাক দেখিয়েছে।’








