স্ত্রীর বয়স ৩৩ হলেই টম ক্রুজের বিচ্ছেদ!
বিনোদন ডেস্ক:
হলিউডের সুপারস্টার টম ক্রুজের ব্যক্তিজীবন যেমন রোমাঞ্চে ভরপুর, তেমনই তার প্রেমজীবনও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক অদ্ভুত কাকতালীয় তথ্য পুরো বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে—টম ক্রুজের তিন সাবেক স্ত্রীর বয়স ঠিক ৩৩ বছর হলে তাদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে!
১৯৮৭ সালের মে মাসে অভিনেত্রী মিমি রজার্সের সঙ্গে প্রথম বিয়ে করেন টম ক্রুজ। ১৯৯০ সালে মাত্র তিন বছরের সংসার ভেঙে যায় তাদের। একই বছর ডিসেম্বরেই নিকোল কিডম্যানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন এই ‘মিশন ইম্পসিবল’ তারকা। ১১ বছর সংসার করার পর ২০০১ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ, যার থেকে তাদের মেয়ে সুরি জন্ম নেয়। কিন্তু এই সম্পর্কও টেকেনি, ২০১২ সালে ছয় বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের।
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় এখন একটি বিষয় চোখে পড়েছে মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস এই তিনজনেরই টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের সময় বয়স ছিল ঠিক ৩৩ বছর। অর্থাৎ, টম ক্রুজের সংসার যেন এই সংখ্যার সাথে গোপন কোনো রহস্যে বাঁধা।
এই তথ্য নিয়ে উবার ফ্যাক্টস নামে একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে বলা হয়, টম ক্রুজ তার তিন স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ করেছেন যখন তাদের বয়স ছিল ৩৩। সিনেমার পর্দায় দুর্দান্ত সব ইম্পসিবল মিশনে সফল হলেও স্ত্রীদের ৩৩ বছর বয়সের ভয়টা কাটিয়ে উঠতে পারেননি টম ক্রুজ।


