সহজে সবকিছু মনে রাখার উপায় কী! কী ছিল প্রাচীন পদ্ধতি

Bangla Times News Desk:

কত মানুষকে দেখা যায়, গড়গড়িয়ে মুখস্থ বলে যান একাধিক ফোন নম্বর, ঠিকানা। কোনও ঘটনার সাল-তারিখ-সময় ছবির মতো বলে দিতে পারেন কতজন। কত মানুষ আবার মনে রাখেন একাধিক বইয়ে পড়া প্রতিটি চরিত্রের নাম ও বর্ণনা।

১০০ ডিজিটের সংখ্যা ১৫ মিনিটে মুখ

CSB Ad

এসব তো খুব ছোট উদাহরণ। তথ্য বলছে, ড্যানিয়েল ট্যামমেট নামের এক ব্যক্তি মাত্র ৫ ঘণ্টায় পাই (π)-এর ২২ হাজার ৫১৪ ডিজিটের মান মুখস্থ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। নিকোলা টেসলা আবার যে কোনও বইয়ের দিকে একবার তাকিয়েই পুরো বই মনে রাখতে পারতেন। প্রতিবছর যে ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপ হয়, সেখানেও দেখা যায় এমন অসামান্য প্রতিভাধর ব্যক্তিদের। ১০০ ডিজিটের কোনও সংখ্যা মিনিট পনেরোর চেষ্টায় মুখস্থ করে ফেলেন তাঁরা।

এমনটা কি খুবই বিরল, বা সাধারণ মেধার মানুষের পক্ষে একেবারে অসম্ভব একটা ব্যাপার! এ প্রশ্ন অনেকের মনেই রয়েছে। কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়, কী খাবার খেলে স্মৃতিশক্তি বাড়ে, এসব জানতে অনেকেই আগ্রহী। এগুলি জানার জন্য খবর নেওয়া যেতে পারে, আমাদের পূর্বপুরুষরা কীভাবে কোনও কিছু সহজে মনে রাখতেন অনেকদিন ধরে।

প্রাচীন পদ্ধতি, ‘মেথড অব লকি’

জানা যায়, প্রাচীন কালে গ্রিস ও রোমের মানুষদের দৈনন্দিন কাজকর্মের জন্যই মনে রাখতে হতো অনেক বিষয়। তখন না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট। ভরসা কেবল স্মৃতিশক্তিই। সে সময়ে তাঁরা তৈরি করেছিলেন মনে রাখার এক অভিনব পদ্ধতি, যাকে বলা হয় ‘মেথড অব লকি’।

এই মেথড অব লকিকে অনেকে ‘মেমরি প্যালেস’ও বলে থাকেন। বিষয়টি হল, আমাদের স্মৃতিতে যা যা থাকে তা সাধারণত মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অঞ্চলে প্রসেসিং হয়। এই অংশটির কাজ যেমন কোনও কিছু মনে রাখা, তেমনই কোনও জিনিস কতটা দূরে, কোথায় আছে, কোনদিকে আসছে, তাও যাচাই করা। এই প্রক্রিয়াকে আমরা বলি নেভিগেশন প্রসেস। এই নেভিগেশনই কাজে লাগানো হয় মেথড অফ লকির ক্ষেত্রে।

একটি ঘরে সাজিয়ে রাখুন তথ্যদের

ধরা যাক, কিছু একটা মনে রাখতে হবে। এখন সেই মনে রাখার বিষয়টিকে এক একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। ঘরের মধ্যেই কোনও জায়গায় রাখা যেতে পারে, অথবা কল্পনায় মনের মতো একটি প্রাসাদ তৈরি করে নেওয়া যেতে পারে।

এবার কাল্পনিক প্রাসাদটি বা মাথার মধ্যে থাকা নিজের বাড়ির ছবিটি খুব ভাল করে দেখতে হবে। কোথায় আসবাবপত্র আছে, কোথায় পড়ার টেবিল, বিছানা, আয়না আছে এসব প্রত্যেকটি জিনিসই ভাল করে দেখুন। এবার যে তথ্যটি মনে রাখতে হবে সেটিকে কল্পনায় নিজের মতো করে রেখে দিন আপনার পছন্দমত ঘরের যে কোনও এক জায়গায়। কল্পনায় সেই তথ্যটিকে যত আকর্ষণীয় করে তোলা যাবে, সেটি তত বেশি দিন মনে থাকবে।

১০ প্রেসিডেন্টের নাম আপনিও বলবেন গড়গড়িয়ে

একটা উদাহরণ দেওয়া যাক এই মেথড অফ লকি পদ্ধতির। ধরা যাক, আমেরিকার প্রথম দশ জন প্রেসিডেন্টের নাম মনে রাখতে হবে। নামগুলি হল, জর্জ ওয়াশিংটন, জন অ্যাডাম, থমাস জেফারসন, জেমস ম্যাডিসন, জেমস মনরো, জন কুইন্সি অ্যাডাম, অ্যান্ড্রু জ্যাকসন, মার্টিন ভ্যান, বুরেন হেনরি হ্যারিসন, জন টাইলর।

এবার কল্পনা করা যাক, একটি ঘরে ঢুকে প্রথমে ওয়াশিং মেশিনের ঢাকা খোলা হল, সেখানে মিলল একটি অ্যাটম বোমা। এই ভাবে প্রথম দুটি নাম মনে রাখা গেল, ওয়াশিংটন এবং অ্যাডম। চেয়ারে বসা আপনার ছেলে বা সন আপনাকে বলল, ‘আর ইউ ম্যাড?’ থমাস জেফারসন এবং জেমস ম্যাডিসনের নাম মনে রাখা কঠিন নয়।

রান্নাঘর থেকে ছুটে এলেন মেরিলিন মনরো, বেডরুমে মাইকেল জ্যাকসন!

এমন সময় ধরা যাক রান্নাঘর থেকে ছুটে এলেন হলিউডের মেরিলিন মনরো! জেমস মনরোর নাম মনে রাখলেন এভাবে। তার পরে মনরো বলছেন, কুইকলি অ্যাটম বোমাটি নিয়ে বেরিয়ে যেতে। কুইন্সি অ্যাডামের নাম এভাবেই মনে থাক।

সে সময়ে দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকলেন, দেখলেন আপনার বসে আছেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন আপনাকে দেখেই বলছেন, বাড়ির পাশেই একটি ভ্যান দাঁড়িয়ে আছে। এভাবেই অ্যান্ড্রু জ্যাকসন, মার্টিন ভ্যানকে মনে রাখার পরে ধরুন হঠাৎ অন্ধকার হয়ে গেল, আপনাকে হারিকেন জ্বালাতে হল। আর তাই করতে গিয়ে টাইলসে পা পিছলে পড়ে গেলেন আপনি। বুরেন হেনরি হ্যারিসন এবং জন টাইলরের নামও আপনার মনে থাকবে এভাবেই।

ঘরের ভিতরে গল্পের মতো সাজানো ঘটনা এবং নাম

এবার এই পুরো ঘটনাটি প্রথম থেকে শেষ অবধি ভাবতে গেলে দেখা যাবে, ঘটনাক্রম মনে রাখতে অসুবিধা হচ্ছে না। এবং ঘটনাক্রমের এক একটি বিষয়ের সঙ্গেই মনে পড়ে যাচ্ছে এক এক জন প্রেসিডেন্টের নাম। একটু মনোযোগ দিলেই এখন সত্যিই দশ জন প্রেসিডেন্টের নাম পরপর বলা সহজ হবে। শুধু তাই নয়, এই নামগুলি চট করে ভুলবেনও না।

এখানে একটা বিষয় লক্ষ্যণীয়, প্রেসিডেন্টের নাম মনে রাখতে গিয়ে ওয়াশিং মেশিনে অ্যাটম বোমার মতো আজগুবি বিষয় থেকে শুরু করে মাইকেল জ্যাকসনকে পর্যন্ত টেনে আনতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তথ্যগুলোকে এভাবেই যতটা সম্ভব অদ্ভুত এবং মজার করে তুললে সেগুলি মনেও থাকবে

গবেষণা বলছে, এই মেথড অব লকি প্রয়োগ করেই ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগীরা দীর্ঘ তথ্যগুলো মনে রাখেন।

বাবার হল আবার জ্বর…

এ প্রসঙ্গে মনে করে নেওয়া যায়, আমাদের বাঙালিদের ইতিহাস পড়ার স্মৃতিশক্তির এক অন্যতম আপ্তবাক্য, “বাবার হল আবার জ্বর সারিল ঔষধে।” প্রজন্মের পর প্রজন্ম পড়ুয়ারা বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গির, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম পরপর মনে রেখেছেন এভাবেই। এটি যদিও সরাসরি মেথড অফ লকি নয়, কারণ এতে কোনও স্থান নির্বাচন করা হচ্ছে না, কিন্তু এক্ষেত্রেও বাক্যটি মনে রাখলেই বাক্যের এক একটি শব্দ মনে করিয়ে দেবে এক এক মোগল সম্রাটের নাম। অদ্ভুত ও মজার এই বাক্যটি চট করে ভোলাও কঠিন। তাই অনেক দিন ধরে মনে থাকে নামগুলি।

তবে শুধু পদ্ধতি জানলেই হবে না, চর্চাও করতে হবে স্মৃতিশক্তির। তবেই তা ক্রমে জোরালো ও দীর্ঘস্থায়ী হবে।

Share This:
You might also like