সরকারি জমি দখল করতে গেলেন এনসিপি নেতার বাবা
ডেস্ক রিপোর্ট
সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা। শুক্রবার (১ আগস্ট) সকালে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান, হাসেম মোল্লা গরুর হাটের এক শতাংশ সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরছেন। এই খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন। তারা দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া তুলে ফেলার দাবি জানান। পরে দখলকৃত অংশ থেকে বেড়া সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে হাসেম মোল্লা জানান, এই জমি তিনি রেকর্ডের মাধ্যমে কিনেছেন।




