লোকেশ রাহুলের ব্যাটে আইপিএল আসরের প্রথম সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক: লোকেশ রাহুলকে নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অনেক আশা। একাধারে দলের কিপার, ওপেনার। এবার পেয়েছেন নেতৃত্বও। টুর্নামেন্টের শুরুতেই দিলেন আস্থার প্রতিদান। তার ব্যাট থেকেই আইপিএল পেল আসরের প্রথম সেঞ্চুরি।
নিজের পুরানো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৬৯ বলে ৭ ছক্কা ও ১৪ চারে রাহুল করেছেন অপরাজিত ১৩২ রান। টি-টোয়েন্টিতে এটাই তার সর্বোচ্চ। আগের সেরা ছিল অপরাজিত ১১০।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩৬ বলে ফিফটি করেন রাহুল। পরের পঞ্চাশ আসে কেবল ২৬ বলে। ৬২ বলে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন এই ডানহাতি ওপেনার।
গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন রাহুল। সেই রান এবার অনায়াসেই ছাড়িয়ে যান তিনি।
শেষ ৯ বলে রাহুল করেন ৪২ রান। তার খুনে ব্যাটিংয়ে পাঞ্জাব শেষ ৫ ওভারে তোলে ৮০ রান। শেষের রানের জোয়ারে দলটি ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২০৬ রান।
রাহুলের ১৩২ আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। টুর্নামেন্টে কোনো অধিনায়কেরও সর্বোচ্চ রানের ইনিংস এটি। আর টি-টোয়েন্টির ইতিহাসে অধিনায়কদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।



