রোমানিয়া থেকে ১৪ বাংলাদেশিসহ ২১ অভিবাসীকে ফেরত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের ২১ নাগরিককে রোমানিয়া থেকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিম রোমানিয়ার আরাদ অভিবাসন পুলিশ এই ডিপোর্ট প্রক্রিয়া বাস্তবায়ন করেছে।।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ২৪ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিম রোমানিয়ার সীমান্তবর্তী আরাদ কাউন্টি থেকে ২১ ব্যক্তিকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে।

২২ এপ্রিল, শনিবার, স্থানীয় ক্লুজ-নাপোকা বিমানবন্দর থেকে বিশেষ চার্টার বিমানযোগে তাদের ফেরত পাঠানো হয়। অভিবাসীদের মধ্যে ১৪ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং একজন তুরস্কের নাগরিক। ২১ থেকে ৪৫ বছর বয়সি অভিবাসীদের সবাই পুরুষ।

বিমানযোগে বহিষ্কারের আগে তাদের সবাই পুলিশি হেপাজতে ছিলেন। অভিবাসীদের মধ্যে ১৯ জন বেআইনি উপায়ে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইজিআই।

নিজ দেশে ডিপোর্ট ছাড়াও তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেঙেন সীমান্তে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া আছে।

ডিপোর্টের আগে সংশ্লিষ্ট অভিবাসীদের আরাদ, আলবা, ক্লুজ এবং হুনেডোয়ারা কাউন্টির বিভিন্ন স্থান থেকে স্থানীয় পুলিশের জেন্ডারমেরি শাখার সহায়তায় আটক করা হয়েছিল।

মার্চ মাসে প্রায় ১৪০০ অভিযান

হাঙ্গেরি সীমান্তবর্তী এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে অনিয়মিত অভিবাসন বিরোধী অভিযান অব্যাহত রেখেছে রোমানিয়া সরকার।

রোমানিয়ার ভূখণ্ডে বিদেশিদের অনিয়মিত অবস্থান এবং অঘোষিত কাজ প্রতিরোধের লক্ষ্যে চলতি বছরের ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত এক হাজার ৩৮৫টি নির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন পুলিশ। এসব অভিযানে অনিয়মিত অবস্থায় অবস্থান করা ৫২০ জন বিদেশি নাগরিককে অবৈধ সনাক্ত করা হয় এবং ৪৩২জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি সিদ্ধান্ত জারি করা হয়।

তাদের মধ্যে ৯৪ জনের ডিপোর্ট কার্যকর করা হয়েছে।

অভিযানে শ্রম আইন না মানায় নিয়োগকর্তাদের বিরুদ্ধে এক হাজার ৪০টি জরিমানা ও সাজা প্রদান করেন শ্রম বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। পরবর্তীকালেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বুখারেস্ট কর্তৃপক্ষ।

Share This:
You might also like