রেললাইনে ঘুমিয়ে পড়ে চিরঘুমে নেত্রকোনার ৩ জন

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দশাল গ্রামের দুই ভাই মো. রিপন মিয়া (২৫) ও মো. স্বপন মিয়া (২৩) এবং প্রতিবেশী মুখলেছুর রহমান (৩২)।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দশাল গ্রামের রিপন মিয়া, স্বপন মিয়া ও মুখলেছ মিয়া শনিবার রাতে তাঁদের বাড়ির সামনে রেলপথের পাশে একটি ছোট জলাশয়ে মাছ ধরতে যান। ক্লান্ত হয়ে তাঁরা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। রোববার ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের বারহাট্টা সদরের দশাল এলাকায় পৌঁছালে ওই তিনজন ট্রেনে কাটা পড়েন।

খবর পেয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশ তিনটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন
Share This:
You might also like